প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

পটুয়াখালীতে প্রশ্ন ফাঁস, অসদুপায় অবলম্বন, আটক ৪৫

পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অসদুপায় অবলম্বন ও বিভিন্ন ডিভাইস ব্যবহারের অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের দুই পিয়ন, ৯ জন নারী পরীক্ষার্থীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে পটুয়াখালী শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে এবং পরে এদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষটি সাংবাদিকদের জানান পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের পিয়ন দিপু শিকদার ও সাইফুল ইসলামসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রশ্নপত্র, মোবাইল ফোনের বিভিন্ন ডিভাইস ও সরবরাহ করা উত্তরপত্র উদ্ধার করা হয়। পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে কারা কারা জড়িত রয়েছে পুলিশের তদন্তে তা বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

তবে ৩৩ জনকে গ্রেপ্তার করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম এবং পরিচয় প্রকাশ করা হয়নি।