আফগানিস্তানের বিপক্ষে খেলবেন ওয়ার্নার

চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত ছিল ডেভিড ওয়ার্নারের। তবে সব শঙ্কা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন এই অজি ওপেনার।

শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারের একাদশে থাকার খবর নিশ্চিত করেছেন। শুক্রবার সংবাদ সম্মেলনে ফিঞ্চ বলেন, ‘‘ডেভ ভালো আছে। সে কাল খেলছে। এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই।’’ ডান পায়ের পেশির সমস্যায় ভুগছিলেন ওয়ার্নার।

তবে আফগানিস্তানের বিপক্ষে একাদশ এখনো চূড়ান্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। টসের সময়ই সেটা চূড়ান্ত করতে চায় তারা। অস্ট্রেলিয়া আছে আসলে মধুর সমস্যায়। নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফিরেছেন। ওদিকে তাদের অনুপস্থিতে অন্যরাও সাম্প্রতিক সময়ে দারুণ খেলছেন। সব মিলে একাদশ নির্বাচনে বড় ধাঁধায় পড়েছে অজি ক্রিকেট দল।