গাজীপুরে তুলার গোডাউনে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের মাঝুখান-কদমতলা এলাকায় শনিবার সকালে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা।

ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান এবং স্থানীয়রা জানান, সকাল পৌনে ৯টার দিকে ওই তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ও উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।