টম অ্যান্ড জেরি সব সময় একজন আরেকজনের পেছনে লেগেই থাকে। এবার ঈদের নাটক নির্মিত হলো সেই থিমে। নাটকের নাম ‘প্রমোশন’। পার্থিব মামুনের রচনা ও পরিচালনায় নাটকটির রূপক দুই চরিত্র টম অ্যান্ড জেরিতে অভিনয় করলেন ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেতা সিদ্দিক এবং আফফান মিতুল।
শুক্রবার ভৈরবের মনোরম লোকেশনে শেষ হয়েছে ‘প্রমোশন’ নাটকটির শুটিং। নাটকের গল্পে দেখা যায়, সিদ্দিক ও মিতুল দীর্ঘদিন ধরে পুলিশ হিসেবে চাকরি করেন। কখনো প্রমোশন জুটেনা তাদের কপালে। কে কাকে টপকিয়ে অফিসের বড় স্যারকে খুশি করে নিজেদের প্রমোশন চূড়ান্ত করবে, সব সময়ই এই ধান্দায় থাকে। একজনের পরিকল্পনা ব্যর্থ করতে, আরেকজন মরিয়া হয়ে উঠে। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটকটি। এতে আরও অভিনয় করেছেন রিফাত চৌধুরী, চৈতি, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই।
এই ঈদে ‘পার্থিব টেলিফিল্মস’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে ‘প্রমোশন’। সিদ্দিক ও আফফান মিতুল এর আগে এক সঙ্গে অভিনয় করেছেন ‘আমি নাটক বানাচ্ছি’, ‘মেক আপ সুন্দরী’ নাটক দুইটিতে। খুব শিগগিরই তারা এক সঙ্গে অভিনয় করবেন ঈদ-উল-আজহার নাটক ‘একের মাল’ এ।