শেষ মুহূর্তে এসে ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সবাই। কেনাকাটার পাশাপাশি নিজেকে একটু সুন্দর করে সাজাতে এখন পার্লারগুলোতে বেড়েছে মেয়েদের পাশাপাশি ছেলেদের ভিড়। রূপ সচেতন তরুণ-তরুণীরা ঈদ উৎসবের কথা মাথায় রেখে কেনাকাটা শেষে ছুটছে বিভিন্ন নামিদামি পার্লারে। পার্লারগুলোও সেজেছে নতুন সাজে। সেই সঙ্গে রয়েছে ক্রেতাদের জন্য আকর্ষণীয় প্যাকেজের ছড়াছড়ি।
মেয়েদের পার্লার : গতকাল রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, তালতলা, আজিমপুর ও মোহাম্মদপুরের কয়েকটি ছোট-বড় নামিদামি পার্লার ঘুরে গৃহিণী থেকে শুরু করে তরুণীদের ভিড় দেখা গেছে। ঈদকে সামনে রেখে তরুণীদের চাহিদা অনুযায়ী বিউটিশিয়ানরা নতুন সব দেশি-বিদেশি পণ্যের সমাহারে রেখেছে ভিন্নতা। এবার ঈদে তরুণীদের চুলের জন্য রিবন্ডিং, চুল ভলিয়াম কাটিং, লেয়ার কাটিং, স্টেপ লেয়ারে চাহিদা বেশি। মুখের জন্য রয়েছে এক্সক্লুসিভ ফেসিয়াল, এক্সট্রিম মেক-আপ, অ্যাডভান্সড মেক-আপ, স্কিন কেয়ার, নরমাল ট্রিটমেন্ট। আরও রয়েছে পেডিকিউর, মেনিকিউর, ব্লিচ, স্কিন পলিশ, থ্রেডিং। তবে ভ্রপ্লাক, মেকাপ, হাতে মেহেদি দেওয়া ও শাড়ি পরানোর জন্য ঈদের দিন সকালে ও আগেরদিন রাতে ভিড় বেশি থাকে বলে জানিয়েছেন পার্লারের বিউটিশিয়ানরা।
গতকাল শনিবার তরুণীদের অধিকাংশই ফেসিয়ালের জন্য পার্লারে এসেছেন বলে জানিয়েছেন। ঈদের আগে মুখকে সতেজ ও ক্লিন করতে অ্যালোভেরা, হারবাল হোয়াইটিনিং, হারবাল গ্রিন ফেসিয়াল, হলিউড স্টাইল ফেসিয়াল, পলিশিং ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল ও হারবাল এ্যারোমা ফেসিয়াল তরুণীদের পছন্দ বেশি।
ধানমন্ডির হিমু’স পার্লারের রূপ বিশেষজ্ঞ হিমু আহমেদ দেশ রূপান্তরকে বলেন, গত দুইদিন ধরে ঈদের কাস্টমার আসছে। চুল কাট এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গেছে। এখন ফেসিয়াল, পেডিকিউর, মেনিকিউর ও রিবন্ডিংয়ের জন্য বেশি আসছে। ঈদের কয়েকদিন আগে চুল কাটলে চুলের সেটিংটা ভালো আসে। আমাদের পার্লারে প্রসাধনী সামগ্রী থাইল্যান্ড, লন্ডন ও ভারতের বেশি ব্যবহার করা হয়। দেশি প্রসাধনীতে কাস্টমারদের চাহিদা কম। ব্যবহার করতে চায় না। এখন রাত দুইটা পর্যন্ত খোলা থাকে। ঈদের আগের দিন থেকে ভিড় আরও বাড়বে।
আগারগাঁওয়ে নুহাস বিউটি পার্লারে আসা রাফিয়া জাহান বলেন, ঈদের আগে নিজেকে নতুন লুকে আনতে চাই। ঈদের দিনের সাজ পার্লারেই সাজব। তবে এখন এসেছি ফেসিয়াল, পেডিকিউর ও মেনিকিউর করতে। গত তিন দিন আগে চুলে লেয়ার কাটিং দিয়েছি।
ছেলেদের পার্লারেও ভিড় : রাজধানী ঢাকায় রয়েছে বেশ কয়েকটি মেনজ পার্লার। এছাড়া নগরীর অলিগলিতে ছড়িয়ে অসংখ্য হেয়ারকাট সেলুন। কোনো কোনো সেলুনও এখন আর শুধু হেয়ার কাটে সীমাবদ্ধ নেই। সেখানে ফেসিয়াল থেকে নানারকম সেবা দেওয়া হচ্ছে।
ধানমন্ডির কেয়ারী প্লাজার মেনজ কেয়ারের স্বত্বাধিকারী জাবেদ হোসাইন বলেন, এখন ছেলেরা অনেক ফ্যাশন সচেতন। পার্লারে এসে শুধু চুল, দাড়ি কাটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তারা নানা রকম সেবা নিতে আসেন। নানা রকমের চুলের কাট আছে। দাড়ি এখন নানা স্টাইল করে কাটা হয়। পাশাপাশি ফেসিয়াল, বডি ম্যাসাজ, চুলে রং করা তো আছেই।