নিজের সংবর্ধনার চেয়ারে বাবাকে বসালেন ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর নিজের সংবর্ধনার চেয়ারে বসিয়েছেন বাবাকে। 
যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসিত হয়েছেন তিনি। 

পটুয়াখালীর গলাচিপার কৃষক মো. ইদ্রিস হাওলাদারে ছেলে নুরুল হক নুর। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর দ্বিতীয়। 

এত বড় সংসারের ঘানি টানতে নুরের বাবা ইদ্রিস হাওলাদার কৃষি কাজের পাশাপাশি উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি বাজারে চায়ের দোকান দিয়েছেন।

এ দোকান দিয়েই তিনি সংসার চালান।

ভিপি নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজের গ্রামের বাড়ি পটুয়াখালীর চর বিশ্বাসে গেছেন নুরুল হক নুর। সেখানে তাকে দেওয়া সংবর্ধনায় ভিড় করেছে হাজারো জনতা।

রোববার সকালে ঢাকা থেকে লঞ্চযোগে পটুয়াখালীর চরকাজল লঞ্চ টার্মিনালে পৌঁছালে নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় এলাকাবাসী।

সেখান থেকে বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজ এলাকা চরবিশ্বাসে পৌঁছান ডাকসু ভিপি। পরে বাজারে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

পটুয়াখালীর চরবিশ্বাস ইউনিয়নেই শৈশব কেটেছে নুরের। সেখানের চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন তিনি। এরপর ভর্তি হন গাজীপুরের কালিয়াকৈরের একটি স্কুলে। 

সেখান থেকে এসএসসি এবং উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হন।