কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয়রা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এতে যাত্রী ও পরিবহনচালকদের দুর্ভোগ পোহাতে হয়। পরে অবরোধ প্রত্যাহার করে সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ চলছে। একাধিকবার সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া মীর হোসেন অভিযোগ করেন, তাঁদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”
আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, “ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেব? আমরা এই সমস্যার গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান চাই।”
‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী বলেন, “নিজ ভূমিতে থেকেও আমরা অনেকটা পরাধীন জীবনযাপন করছি। ১৩ গ্রামের মানুষের ভূমিসংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান প্রয়োজন।”
আন্দোলনকারীরা বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। কিছু লোক মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক রাখে।”
মানববন্ধনে জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন।
জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি: মির্জা ফখরুল