গত তিন-চার দিনের বৃষ্টিতে হবিগঞ্জের বিভিন্ন সড়ক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে ঈদের কেনাকাটা করতে বের হতে পারছেন না শহরের বাসিন্দারা।
গত শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। ভোরে কিংবা রাতে বৃষ্টি হয় ঘণ্টাখানেক। প্রচণ্ড গরমে স্বস্তি এনে দিলেও পৌর এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বৃষ্টির পানি প্রবেশ করেছে সার্কিট হাউজ, পানি উন্নয়ন বোর্ড, প্রধান ডাকঘরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনায়।
এছাড়া মাস্টার কোয়ার্টার, ইনাতাবাদ, শ্যামলী, অনন্তপুর নিউ মুসলিম কোয়ার্টার, ঝিলপাড়সহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসা-বাড়িতেও পানি ঢুকেছে।
হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “পৌর এলাকায় গত ১০ বছরে অন্তত ৫০টি পুকুর ও জলাশয় ও খাল ভরাট করে নির্মাণ করা হয়েছে বাসাবাড়িসহ নানা স্থাপনা। ফলে বৃষ্টির পানি যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নোংরা, আবর্জনা, দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে ভুক্তভোগী মানুষকে।
তিনি খাল-পুকুর-ডোবা ইত্যাদি ভরাট না করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে হবিগঞ্জ পৌরসভা জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ।