সৈকতে প্রতিদিনই একটা লাশ ভেসে আসছে। স্থানীয় লোকজনের দাবি, বেওয়ারিশ প্রতিটি লাশই দেখতে একই রকম। একই মানুষ। তাকে রোজ দিনের আলোয় সৈকতে পড়ে থাকা ময়লা আবর্জনা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি নিজেকে দাবি করেন সমুদ্রমানব।
সৈকতে আলোড়ন পড়ে যায় তার অদ্ভুত কর্মকাণ্ডে। সমুদ্রে ঘুরতে যাওয়া প্রভা অনুসন্ধানে নামে, কে এই সমুদ্রমানব? এক সময় ‘সমুদ্র বাঁচাও’ প্লে কার্ড হাতে দেখা যায় তাকে।
এমন গল্প রুদ্র হকের। তারই চিত্রনাট্যে লিপি আইচ নির্মাণ করেছেন নাটক ‘সমুদ্রমানব’।
ঈদ উপলক্ষে নির্মিত নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও প্রভা। কক্সবাজার সমুদ্র সৈকত ও আশপাশের পাহাড়ি অঞ্চলে চিত্রায়িত হয়েছে।
‘সমুদ্রমানব’ প্রসঙ্গে রুদ্র হক বলেন, “এটি মূলত আমার কবিতা ‘বিচ রিপোর্ট’ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। নাটকে মানুষের অন্তর্গত প্রকৃতিপ্রেমের একটি অনন্য কাহিনিভাষ্য রচিত হয়েছে। নাটকের একটি অংশে আধুনিক চিত্রকলার অন্যতম সংযোজন ইনস্টলেশন আর্ট-এর একটি পারফরমেন্স যুক্ত করেছি। জানি না নির্মাতা কতটুকু সফল হয়েছেন। দর্শকই অনুপ্রাণিত হলে সার্থক হবো।”
নির্মাতা লিপি আইচ বলেন, “এটা খুবই ভালো একটা কনসেপ্ট। খুব চমৎকার গল্প ছিল। নির্মাণ করতে পেরে ভালো লেগেছে। অভিনেতারাও খুব কো-অপারেটিভ ছিলেন। প্রভা-জোভান দু’জনই বেশ ভালো করেছেন। নাটকটি ঈদেই দর্শকদের সামনে উপস্থাপন করতে পেরে বেশি ভালো লাগছে।”
নাটকটিতে আরও অভিনয় করেছেন মাহবুব শাহিন, সেলিম রেজা, ফিরোজ, এক ঝাঁক শিশু ও বেশ কিছু পর্যটক। টেলিহোম প্রযোজিত ‘সমুদ্রমানব’ দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে।