ফুটবল মাঠে তার পায়ের কারুকাজ মুগ্ধ করে সবাইকে। মাঠের বাইরে ফুটবলার সানজিদা আক্তারের সহজ-সরল কথার ভঙ্গিও মনকাড়া।
সর্বশেষ বঙ্গমাতা নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলে যেমন ম্যাচসেরা হয়ে পাওয়া প্রাইজমানির টাকা অ্যাকাউন্টে রাখার কথা বলেছিলেন। তার কথা ভাইরাল হয় মুহূর্তেই।
ফুটবলার সানজিদা এবার ভক্তদের সামনে হাজির হলেন অন্য ভূমিকায়। বিজ্ঞাপনের মডেল হয়ে পর্দা মাতালেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর থেকে ওঠে আসা এই ফুটবলার।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সুখী পরিবার কল সেন্টারের বিজ্ঞাপনে মডেল হয়েছে সানজিদা। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পরামর্শ পেতে সুখী পরিবার কল সেন্টার তৎপর ২৪ ঘণ্টা। এ বার্তা পৌঁছে দিতেই এই বিজ্ঞাপন।
সামাজিক নানা বাধা বিপত্তি, প্রতিবন্ধকতাকে পাশে ঠেলে মেয়েদের এগিয়ে চলার চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে বিজ্ঞাপন চিত্রে। যার প্রধান চরিত্র সানজিদা। বিজ্ঞাপন চিত্রে মেয়েদের ফুটবল খেলার একটি মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল রয়েছে সানজিদার।
সম্প্রতি কলসিন্দুরে বিজ্ঞাপনটির শুটিং দৃশ্য ধারণ করা হয়। সানজিদারের বাড়ি ও কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে হয়েছে শুটিং। বিজ্ঞাপনে ফুটবল খেলার দৃশ্যে সানজিদার সঙ্গে অংশ নেন কলসিন্দুর স্কুলের মেয়েরা।
দেখুন ভিডিওটি: