নিজেরাই স্মার্টফোন বানাচ্ছে টিকটক!

‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’। কোনো স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার কাছে সদূত্তর না পাওয়ায় এমনই পন্থা নিল টিকটকের প্রস্তুতকারীরা। নিজেদের বানানো স্মার্টফোন বাজারে আনতে তৎপর টিকটক প্রস্তুতকারক সংস্থা বাইট ডান্স। 

বিশ্বজুড়ে অ্যাপ হিসাবে টিকটক-এর জনপ্রিয়তা তুঙ্গে। তবে জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই এই অ্যাপের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

তাদের মতে নাচ-গানের আড়ালে পর্নোগ্রাফিকে উৎসাহ জোগাচ্ছে এই চাইনিজ অ্যাপ। আর তার কুপ্রভাব পড়ছে টিনেজারদের মধ্যে।

এই সকল কারণেই বিতর্কে পড়তে চায়নি কোনো স্মার্টফোন প্রস্তুতকারক। নিজেদের স্মার্টফোনে আগে থেকেই টিকটক ইনস্টল করে বাজারে আনতে চায়নি কোনও মোবাইল প্রস্তুতকারক সংস্থা।

চিনা সংস্থা বাইট ডান্স বারবার চেষ্টা করেও রাজি করাতে পারেনি কাউকেই। তাই নিজেরাই স্মার্টফোন প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় বাইট ফেন্স। 


ইতিমধ্যে বছরের শুরুতেই চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা স্মার্টিসানের থেকে বেশ কিছু পেটেন্ট কিনেছে টিকটক। যদিও এই ফোন কেমন হবে তা জানা যায়নি।

তবে বিশেষজ্ঞদের মতে, অল্পবয়সীদের কথা মাথায় রেখে এর দাম রাখা হবে কমের দিকেই। তার সঙ্গে জোর দেওয়া হবে ক্যামেরার মানের দিকেও।

বাইট ডান্সের সিইও ঝাঙ ইমিং জানিয়েছেন, নিজেদের অ্যাপ ইনস্টল করা ফোন বাজারে আনা তার অনেক দিনের স্বপ্ন। এখন টিকটক -এর এই স্মার্টফোন তাদের অ্যাপের মতোই জনপ্রিয় হবে কিনা তা সময়ই বলবে।

সূত্র: জি নিউজ