ভারতের বিপক্ষেও লুঙ্গি ছাড়া দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপটা মোটেও ভালো হচ্ছে না দক্ষিণ আফ্রিকার। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের পরাজয়ের পর বাংলাদেশের কাছেও হারতে হয়েছে তাদের। তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে আরো একটি দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে। চোটের কারণে ম্যাচটিতে দলের অন্যতম সেরা পেসার লুঙ্গি এনগিদিকে পাচ্ছে না তারা।

গত রোববার কেনিংটন ওভালে বাংলাদেশের কাছে ২১ রানে হারের ম্যাচটিতে হ্যামস্ট্রিংয়ে টান পেয়ে মাঠ ছেড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি। নিজের চতুর্থ ও দলীয় সপ্তম ওভারে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। তাকে ছাড়াই বাকি পথ লুঙ্গিকে ছাড়াই পাড়ি দিতে হয় প্রোটিয়াদের।

লুঙ্গি এনগিদির চোট বেশ গুরুতর বলেই জানা গেছে। সেরে উঠতে সময় লাগতে পারে অন্তত এক সপ্তাহ। এর অর্থ নিশ্চিতভাবে বুধবার ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

লুঙ্গির চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ড. মোহাম্মদ মোসাজি বলেন, “পরীক্ষা নিরীক্ষার পর আমরা ধরতে পেরেছি যে তার বাম হ্যামস্ট্রিংয়ে স্ট্রেইন ধরা পড়েছে। তাই ম্যাচে তাকে বোলিং করতে দেইনি পরে। এ ইনজুরির কারণে ৭ থেকে ১০ দিন বাইরে থাকতে হবে তাকে। আমাদের চেষ্টা থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে তাকে সুস্থ করে তুলতে।”

লুঙ্গির আগে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলা হয়নি হাশিম আমলার। এছাড়া কাঁধের চোটের কারণে দলের বাইরে রয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের পেসার ডেল স্টেইন। এবার লুঙ্গির চোট নতুন করে বিপদে ফেলেবে প্রোটিয়া নির্বাচকদের। অবশ্য ভারতের বিপক্ষে ফেরার সম্ভাবনা রয়েছে স্টেইনের।