টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে গেইলরা

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে এক যুগ পর মুখোমুখি দল দুটি।

রানের স্বর্গ বলে খ্যাত নটিংহ্যামে ট্রেন্ট ব্রিজে হচ্ছে অস্ট্রেলিয়া-উইন্ডিজ লড়াইটি। ভেন্যুটির উইকেট রান প্রসবা হওয়ায় অস্ট্রেলিয়া বড় সংগ্রহ দাঁড় করাতে চাইবে বলে ধারণা করা হচ্ছে।

জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে উভয় দল। জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য তাদের। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় ৭ উইকেটে। অস্ট্রেলিয়ার জয়টাও একই রকম। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারায় গত আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলের হালকা চোট নিয়ে দুশ্চিন্তায় ছিল উইন্ডিজ শিবির। প্রথম ম্যাচ খেলার পর পাঁচ দিনের বিরতিতে তাদের ফিটনেস ফিরে এসেছে। গত দুই দিন অনুশীলন করতে দেখা গেছে গেইলকে, রাসেলও সুস্থ।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে জ্বলন্ত পারফরম্যান্স প্রত্যাশা করছেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। বাউন্সারের পাল্টা জবাব দিতে তৈরি মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আত্মবিশ্বাসের জায়গা হলো, তাদের ব্যাটিং লাইন আপ এখন বেশ শক্তিশালী। তাদের দুই অভিজ্ঞ খেলোয়াড় ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ফিরেছেন। প্রথম ম্যাচেই তো অপরাজিত হাফসেঞ্চুরিতে ফেরাটা স্মরণীয় করে রেখেছেন ওয়ার্নার। এবার ব্র্যাথওয়েট ও রাসেলদের বাউন্সারের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে তাকে।