ধোনিকে আইসিসি সতর্ক করায় ভারতীয়দের নিন্দার ঝড়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় আধা সামরিক বাহিনীর ব্যাজ অঙ্কিত গ্লাভস পরে উইকেট কিপিং করায় মহেন্দ্র সিং ধোনিকে তলব করেছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার এমন আচরণ মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট ভক্তকূল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিরি কঠোর সমালোচনা করছেন তারা।

গত বুধবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করে দলটি। কিপিং করার সময় ধোনির হাতে দেখা যায় ভারতীয় প্যারা স্পেশাল ফোর্সের রেজিমেন্টের প্রতীক। তা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হন ধোনি ভারতীয় ভক্তদের কাছে।

তবে সেটি ভালোভাবে নেয়নি আইসিসি। আইসিসির নিয়ম হচ্ছে আইসিসির যে কোনো আসরে ক্রিকেটের সাথে জড়িত সকল উপকরনে এমন কোন বার্তা বা সংকেত থাকবেনা যা ধর্ম, রাজনীতি ও জাতিগত কোন বার্তাবহন করে। কিছুদিন আগে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল তাদের সেনাবাহিনীর ক্যাপে মাঠে নামে। সেইবার বিসিসিআইকে ছাড় দিলেও এইবার ছাড় দেয়নি আইসিসি।

আইসিসির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং জানিয়েছেন. তারা বিসিসিআইকে অনুরোধ করেছে যাতে ধোনির গ্লাভস থেকে প্রতীকটি সরিয়ে নেওয়া হয়। তবে আইসিসির হঠাৎ এই অনুরোধ ভালোভাবে নেয়নি ভারতীয় ভক্তরা। খুব কমই ভারতীয় খেলোয়াড়কে আইসিসি তলব করেছে এমন নজির দেখা গিয়েছে। আইসিসির হঠাৎ এই পরিবর্তনে বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছে ভারতীয়রা।

তাদের দাবি আইসিসি এখানে কিছু বলার কে? এই নিয়ে ভারতীয় টেলিভিশনে টকশোর টেবিলেও আলোচকরা ঝড় তুলেছেন। প্রশ্ন তুলেছেন আইসিসির ভূমিকা নিয়ে। আইসিসিকে মাটিতে মিশিয়ে দিয়ে টুইট করেছেন অনেকে।

একজন টুইটারে আইসিসির প্রতি ক্ষোভ দেখিয়ে লিখেছেন, “তাদের সাহস কত...ভারতের বিশ্বকাপ বর্জন করা উচিত। দেশ বড় না, ক্রিকেট বড়??”

অন্য আরেকটি টুইটার অ্যাকাউন্ট থেকেও বিশ্বকাপ বর্জন করতে ধোনিদের আহ্বান জানানো হয়েছে। আরেকজন লিখেছেন, “সরি আইসিসি। আমি এমএস ধোনির পক্ষে।”

ভারতের রিপাবলিক টিভি চ্যানেল এই নিয়ে অনলাইনে ক্যাম্পেইনও শুরু করেছে ধোনিকে অনুরোধ করে যাতে ধোনি পরবর্তী ম্যাচে এই বলিদানের প্রতীক তার গ্লাভস থেকে না সরিয়ে ফেলে।

২০১১ সালে ধোনিকে সম্মানসূচক কর্নেলের পদ দেওয়া হয় সেনাবাহিনীর তরফ থেকে। তখন ধোনি প্যারা রেজিমেন্টের সাথে বেশ কিছুদিন ট্রেনিংও করেন। ধোনি সবসময় বলে এসেছে সে সেনাবাহিনীকে ভালোবাসে ও ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগদানও করতে চায়।

ভারতের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে লন্ডনে। সেই ম্যাচে ধোনি কি এই গ্লাভস পরেই মাঠে নামবেন নাকি এই প্রতীক সরিয়ে নতুন গ্লাভস পরে মাঠে নামবেন সেটিই এখন দেখার বিষয়।