ব্রাহ্মণবাড়িয়ার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে গরুর মাংসে হাড় বেশি দেওয়ায়।
এতে উভয়পক্ষের কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।
এ সময় ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট উভয় মহাসড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার সকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, সকালে সরাইল বিশ্বরোড মোড় বাজারে কুট্টাপাড়া গ্রামের ধন মিয়া গরুর মাংস কিনতে যান।
এ সময় মাংসের বদলে হাড়ের পরিমাণ বেশি দেওয়া নিয়ে খাটিহাতা গ্রামের বিক্রেতার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুটি গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ২২ জন আহত হন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, সংঘর্ষের কারণে যানবাহন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে।
এখন পরিস্থিতি স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।