ইংল্যান্ডের বিরুদ্ধে একাদশ জানিয়ে দিলেন পাপন

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে টাইগার একাদশে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় মাশরাফী বিন মোর্ত্তজার দল। দুটি ম্যাচই মাঠে বসে দেখেছেন বিসিসি বস। ঈদও করেছেন তিনি ক্রিকেটারদের সঙ্গেই।

দেশে ফিরে শুক্রবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। এ সময় ইংল্যান্ডের বিপক্ষে একাদশ প্রসঙ্গে পাপন বলেন, ‘‘ইংল্যান্ডের বিপক্ষে আমার ধারণা পরিবর্তন করবে না। কারণ, একটা ম্যাচ হেরেই যদি পরিবর্তন করে, তাহলে সেটায় দলের মধ্যে ভুল বার্তা চলে যায়।’’

দলের শক্তি-দুর্বলতা নিয়ে পাপন বলেন, ‘‘আমাদের সামনে এখন দুটো বিকল্প আছে। আমাদের যেহেতু বোলিংয়ে দুর্বলতা আছে। বিশেষ করে পেস বোলিংয়ে। বিশ্বকাপে পেস বোলিংয়েই সবাই ইফেক্টিভ হচ্ছে। আমাদের যেহেতু দুর্বলতা আছে, সেটা কাভার করার জন্য আমরা দুটো কাজ করতে পারি।’’

‘‘এক- স্পিনটাকে আমরা আরও বাড়াতে পারি। দ্বিতীয়, একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি। অথবা আরেকজন অলরাউন্ডার, যে আবার স্পিন বল করতে পারে। এগুলো নিয়ে আলাপ করতে হবে। অনেকগুলো খেলা তো, তাই অনেক কিছুই সামনে আসবে।’’

প্রথম দুই ম্যাচে খেলা বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমান।