ঈদের সড়কে ঝরল ৫২ প্রাণ

কোনো কিছুই যেন থামাতে পারছে না গাড়িচালকদের বেপরোয়া আচরণ। সে উৎসব হোক আর সাধারণ দিন হোক; সড়কে মৃত্যুর মিছিল থামছে না। গত ৪ জুন ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে গতকাল শুক্রবার ৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে শতাধিক। এর মধ্যে ঈদের দিন সকালেই প্রাণ হারায় ২০ জন। ঘরমুখো মানুষ নিয়ে যানবাহনের বেপরোয়া গতি, মহাসড়কে নিয়ম না মেনে ফিটনেসবিহীন গাড়ি চলাচল এসব দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও সড়কে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক       

ফেডারেশনের দক্ষিণাঞ্চলের সভাপতি জুবায়ের জাকির বলেছেন, ‘শুধু চালক নয়, এর জন্য মহাসড়কগুলোয় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো এবং জনসাধারণের অসচেতনতার কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে।’ ট্রাফিক পুলিশ কর্মকর্তারা বলছেন, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শেরপুরসহ বিভিন্ন জেলায় সড়কে অবাধে অনুমোদনহীন মোটরযান নসিমন, করিমন ও ভটভটি চলার কারণে দুর্ঘটনা হয়েছে বেশি।

বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবরে :

ফরিদপুরে ৬ নিহত : পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে ফরিদপুর সদর উপজেলায় ধুলদী রেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছে। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, সকাল পৌনে ৭টার দিকে এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ সময় আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যায়।

সিরাজগঞ্জে ৯ জন নিহত : ঈদের ছুটির তিন দিনে সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নয়জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের দিন রায়গঞ্জের ভূঁইয়াগাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়। ঈদের পরের দিন বৃৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহসড়কের হরিণচরা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। ঈদের আগের দিন মঙ্গলবার রায়গঞ্জে বাস উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়। আহত হয় ৩০ জন।

লালমনিরহাটে ৫ জন নিহত : লালমনিরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১১ জন। ঈদের দিন বুধবার সকালবেলা রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রথম ঘটনাটি ঘটে। ওই দিন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের স্মৃতিসৌধ এলাকায় লেগুনা পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চারজন নিহত হয়। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলায় কুলাঘাট ইউনিয়নে ট্রাক্টর উল্টে একজনের মৃত্যু হয়েছে।

আশুলিয়ায় কনস্টেবল নিহত : আশুলিয়ায় পুলিশ পরিবহনকারী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। তার নাম নাদিম হোসেন (২৬)। ঈদের দিন বুধবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোচালক ও পুলিশের তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন।

মাগুরায় ১ জন নিহত : মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মোল্যা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

নড়াইলে ১ জন নিহত : নড়াইলে ঈদের পর মামা বাড়ি বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ফরিদ বিশ^াস (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ বিশ^াসের বাড়ি লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামে।

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে নিহত ৩ : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী একটি পিকআপ দুর্ঘটনায় তিন যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও ১১ যাত্রী। গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী পিকআপ ২২ জন রোহিঙ্গা যাত্রী নিয়ে টেকনাফ থেকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের দিকে আসছিল। দুপুর ২টায় উখিয়ার পার্শ্ববর্তী বাহারছড়া কচ্চপিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেরিন ড্রাইভ সড়কের পাশে রাস্তার খাদে উল্টো যায়। কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন।

ঝিনাইদহে ২ যুবক নিহত : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খদ্দর খালিশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রানা আহমদ (২৩) ও বিপুল হোসেন (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় ফিরোজ হোসেন নামে এক যুবক আহত হন। গত বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটে ২ জন নিহত : বাগেরহাটে মোরেলগঞ্জের মহিষপুরা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও এক আরোহী। গত বুধবার রাত ৮টায় বাগেরহাট-পিরোজপুর সড়কের মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল আরোহী রহিম শেখকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ায় ৩ জন নিহত : বগুড়ায় পৃথক সড়ক তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছে। গত বুধবার রাত থেকে তিন দিনে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল বেলা ১১টায় বগুড়া সদর উপজেলার ছোট টেংরা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হামিদা বেগম (৬০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার দশমাইল এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শহীদুল ইসলাম (৪০) নামে এক চালক নিহত ও ১৫ জন আহত হন। একই দিন সন্ধ্যায় বগুড়া শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আইনুর ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

নেত্রকোনায় ৫ জন নিহত : নেত্রকোনায় ঈদের পরের দিন দুই সহোদর শিশু এবং ঈদের আগের দিন পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ আরও তিনজন নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জে ৩ জন নিহত : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার তেতলাবো এলাকায় ঘটে এ দুর্ঘটনা। ঈদে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর নিহত : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া (১৪) নামে কিশোর নিহত হয়েছে। গত বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় ও দুর্ঘটনা ঘটে। বুধবার বিকেলে অটোরিকশায় করে ঘুরতে বের হয় ইমন। শ্রীরামপুর এলাকায় সড়কের পাশে একটি গাছের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালীতে ১ জন নিহত : পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় সাবেক এক স্কুলশিক্ষক মারা যান। ঈদের পরদিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুমকি-বাউফল সড়কের রাজাখালী বাসস্ট্যান্ড বাজারে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে ৩ জন নিহত : রাজধানীর হানিফ ফ্লাইওভারে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে তিনজন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে। এছাড়া গত মঙ্গলবার উত্তরা পূর্ব থানার বিডিআর মার্কেটের সামনে বাসের ধাক্কায় রাসেল ফকির (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বেলা ১১টার দিকে এ দুর্ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।