দেশকে ঠকিয়েছেন ডি ভিলিয়ার্স: শোয়েব আখতার

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার প্রাক-মুহূর্তে অবসর ভেঙে দলে ফিরতে চেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। এমন খবরে উত্তাল ক্রিকেটবিশ্ব। তবে এসব খবর দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের প্রচারে আসার কৌশল ছাড়া কিছুই নয় মনে করেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্সকে কঠোর সমালোচনা করেছেন শোয়েব। তার ভাষায়, আইপিএল কিংবা পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে দেশের জার্সি তুলে রাখতে পিছপা করেনি ভিলিয়ার্স।

অর্থকে প্রাধান্য দিয়ে ডি ভিলিয়ার্স আদতে দেশকে ঠকিয়েছেন বলে মনে করেন শোয়েব, “সম্প্রতি ডি ভিলিয়ার্স ঘোষণা করেছেন যে অবসর ভেঙে বিশ্বকাপের দলে ফিরতে চেয়েছিলেন তিনি। এটা নিঃসন্দেহে বড় খবর। কিন্তু বিশ্বকাপের মত ইভেন্টে যেখানে প্রথম তিন ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে দল, সেখানে এমন মন্তব্য করার কোনও অর্থই হয় না।”

“দেশের জার্সি গায়ে মাঠে নামতে হলে এবি ডিকে আইপিএল-পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করতে হতো। কিন্তু অর্থের কারণে সে দেশের আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকেই বেছে নেয় এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়।”

শোয়েব আরো বলেন, “ডি ভিলিয়ার্স যখন অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছিল দলের অবস্থা মোটেই ভালো ছিল না। আমার মনে হয় সেই মুহূর্তে তার মনে হওয়া উচিত ছিল দলে তাকে প্রয়োজন। অর্থ যাবে আসবে। কিন্তু অর্থের কারণে দেশের হয়ে বিশ্বকাপকে বলিদান দেওয়া অন্যায়। ওর মধ্যে ২০১৯ বিশ্বকাপ ছাড়াও ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মত উপাদান মজুত ছিল।”