অনলাইনে ফাঁস হয়ে গেল সালমান খানের ‘ভারত’

মুক্তির একদিনের মাথাতেই অনলাইনে ফাঁস হয়ে গেল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত চলচ্চিত্র ‘ভারত’। ‘পিঙ্ক ভিলা’ সূত্রে খবর, ভারত ছবিটি অনলাইনে ফাঁস করেছে তামিল রকার্স। এমনকি তামিল রকার্স-এর তরফে ছবিটি এক্কেবারেই বিনা মূল্যে ডাউনলোডেরও অপশন দেওয়া হচ্ছে বলে জানা যায়। ‘ভারত’ ছবিটি অনলাইন ফাঁস হওয়ার খবরে চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে।এর আগে বহু ছবি অনলাইন ফাঁস করার বদনাম রয়েছে এই তামিল রকার্সের বিরুদ্ধে।

এর আগে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘২.০’, আমির খানের ‘ঠাগস্ অব হিন্দুস্তান’, রণবীর সিংয়ের ‘গলি বয়’, অভিষেক বর্মণের ‘কলঙ্ক’, দক্ষিণ ভারতীয় ছবি ‘সরকার’ অনলাইনে ফাঁস করা হয়েছিল তামিল রকার্সে। বাদ যায়নি হলিউডের ছবি ‘ভেনম’, ‘গডজিলা : দ্য কিং অব দ্য মনস্টার ‘, ‘আলাদিন’, ‘দেবী ২’।

উল্লেখ্য, সালমান ও ক্যাটরিনা অভিনীত ভারত মুক্তি পেয়েছে ৫ জুন, ইদের দিন। মুক্তির প্রথম দিনে ছবিটি ব্যবসা করেছে ৪২.৩০ কোটি টাকার। এখনো পর্যন্ত ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। এই ছবির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর এবং ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সালমানের শ্যালক অতুল অগ্নিহোত্রী এবং ভূষণ কুমার। চিত্রনাট্য লিখেছেন আলি আব্বাস জাফর এবং বরুণ বি শর্মা। ছবিতে সালমান-ক্যাট ছাড়াও রয়েছেন সুনীল গ্রোভার, টাবু, দিশা পাটানি, জ্যাকি শ্রফ, নোরা ফতেহি এবং আসিফ শেখ।

সূত্র : জিনিউজ