আটকে পড়া প্যাঁচা উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি টেলিভিশন কার্যালয় থেকে একটি আটকে পড়া প্যাঁচা উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

শনিবার জেলা শহরের কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্সে এটিএন নিউজের ব্যুরো অফিস থেকে প্যাঁচাটি উদ্ধার করে মুক্ত করা হয়।

এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য বলেন, ‘অফিসের শৌচাগারের নকল ছাদে ঢুকে আটকে পড়ে বড় আকারের এই প্যাঁচা। দুই দিন আগে সবার নজরে আসে বিষয়টি। কিন্তু ওই জায়গায় খাবার পাচ্ছিল না বলে আমরা নানাভাবে প্যাঁচাটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হই’।

তিনি জানান, ‘অবশেষে বিষয়টি ফায়ার সার্ভিস সদস্যদের জানালে শনিবার তারা এসে প্যাঁচাটি উদ্ধার করে অবমুক্ত করেন’।

ফায়ার সার্ভিসের দলনেতা ফারুকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আটজন সদস্যের একটি দল প্যাঁচাটিকে উদ্ধার করে খোলা আকাশে অবমুক্ত করি’।

তিনি আরও জানান, সচরাচর এমন প্যাঁচা দেখা যায় না। বড় আকারের এই প্যাঁচাটি অনেক বয়স্ক ছিল। এটি বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে।