কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে পদবঞ্চিতরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা এই কমিটি বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ ও কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন পদবঞ্চিতরা।
এ সময় সাবেক কমিটির সাধারণ সম্পাদক রাসেল হোসেন অভিযোগ করেন, ছাত্রলীগ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার নতুন কমিটিতে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, প্রাইমারি স্কুলের নাইট গার্ড, দোকানদার ও অছাত্রদের রাখা হয়েছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রকৃত, ত্যাগী ও ছাত্রলীগের নীতি-আদর্শ ধারণকারীদের নিয়ে কমিটি করার দাবি তার।
এদিকে পদবঞ্চিতদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি ইয়াসির আরাফাত তুষার। তিনি বলেন, পদবঞ্চিতদের অভিযোগ ঠিক নয়। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।