একই দিনে মা-মেয়ের স্নাতকোত্তর সম্পন্ন

মা-বাবার সঙ্গে সন্তানের একই ক্লাসে পড়ার মতো ঘটনা বিরল। কিন্তু সোমালি এক মা ও তার ছোট মেয়ে সেই বিরল ঘটনার জন্ম দিয়েছেন। সম্প্রতি মা ফালহাদ আহমেদ মোহামুদ ও মেয়ে আমিনা মোহামুদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

১৯৮০ সালের দিকে পরিবারটি যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে এসেছিল। কিন্তু ফালহাদের স্বামী পরে সোমালিয়ায় ফিরে যান এবং সেখানে যুদ্ধে নিহত হন। ফালহাদ নিজেই তার দুই মেয়ে আমিনা ও সোফিয়াকে লালন-পালন করেন। বিবিসিকে ফালহাদ বলেন, ‘সোমালিয়া ত্যাগ করার সময় আমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি স্কুলে ভর্তি হব এবং উচ্চতর শিক্ষাগ্রহণ করব। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর থেকে মেয়েদের ভরণপোষণের জন্য কাজ করতে শুরু করি আমি। পড়ালেখার ব্যাপারে আমার মেয়ে আমাকে আগ্রহী করে তোলে। একদিন সে আমাকে চমকে দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়।’ মেয়ে আমিনা তার মা সম্পর্কে বলেন, ‘যতদূর মনে পড়ে, আমার মাকে আমি শুরু থেকেই সিঙ্গেল মা হিসেবে চিনতে শুরু করি। আমাদের পড়ালেখা থেকে শুরু করে সবকিছুর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে মাকে। তিনি আমার জীবনের অনেক বড় অণুপ্রেরণা।’ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর নিজের মেয়েদের কাছে নিজেকে প্রমাণ করা বিশাল চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় ফালহাদের জন্য। কারণ তিনি ভেঙে পড়লে তার মেয়েরাও উদ্যম হারিয়ে ফেলবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা শুরুতে তাকে নিরুৎসাহিত করেন। কিন্তু একই সঙ্গে এই বয়সেও তার পড়ালেখার প্রতি আগ্রহকে ইতিবাচকভাবে নেন তারা। ধীরে ধীরে আর দশজন শিক্ষার্থীর মতো এগিয়ে যেতে থাকেন তিনি।

ফালহাদ ও তার মেয়ে এখন আরও উচ্চতর শিক্ষা অর্জনের জন্য এগিয়ে যাচ্ছেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেই সীমাবদ্ধ থাকতে চান না তারা। পিএইচডির মাইলফলকও ছুঁতে চান মা ও মেয়ে।