মার্কিন প্রেসিডেন্টদের হাস্যকর যত বক্তব্য

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট সাবেক ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক হাস্যকর মন্তব্য করে তিনি বিশ্ব মিডিয়ার নজর কাড়েন। সম্প্রতি মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে আক্রমণ করে এক মন্তব্য করে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছেন তিনি।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘আমরা এত এত টাকা খরচ করছি, চাঁদে যাওয়ার আলোচনা বন্ধ করা উচিত নাসার। আমরা ৫০ বছর আগেই চাঁদে গিয়েছি। আরও বড় লক্ষ্যের দিকে তাকিয়ে কাজ করছি আমরা। নাসার উচিত সেদিকে দৃষ্টি দেওয়া। যেমনÑ মঙ্গলগ্রহ (মঙ্গলগ্রহেরই একটি অংশ চাঁদ), প্রতিরক্ষা ও বিজ্ঞান।’

শুধু ট্রাম্পই এমন অদ্ভুত মন্তব্য করেননি। তার আগের সাবেক প্রেসিডেন্টদেরও অনেকে বিভিন্ন মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন। এদের মধ্যে অন্যতম জর্জ ডব্লিউ বুশ। ২০০১ সালে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো কার্দোসোর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের এক পর্যায়ে তিনি বলেন, ‘আপনাদের দেশেও কি কৃষ্ণাঙ্গ আছে?’। বুশের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের বাড়বাড়ন্ত না থাকলেও বিশ্ব মিডিয়ায় এ নিয়ে ব্যাপক হাস্যরস হয়।

এর পরেই আছেন সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। ১৯৭৭ সালে সাংবাদিক ডেভিড ফ্রস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন প্রেসিডেন্ট কোনো কিছু করে, তার মানে ওই কাজটি অবৈধ নয়।’ নিক্সনের ওই বক্তব্য নিয়ে তখন নিউ ইয়র্কে বিক্ষোভও হয়েছিল।

কম যান না সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। ১৯৭৬ সালের নির্বাচনের এক মাস আগে প্লেবয় ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কামনার চোখে বহু নারীর দিকে তাকিয়েছি। বহুবার আমি এ কাজ করেছি। ঈশ্বর জানেন আমি এই কাজ আবারও করব এবং তিনি আমাকে ক্ষমা করবেন।’

রোল্যান্ড রেগ্যান একবার লাতিন আমেরিকার দেশগুলোতে সফরে যান। সফর থেকে ফেরার পর সাংবাদিকদের লাতিন আমেরিকার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি অনেক কিছু শিখেছি। তাদের সম্পর্কে জানার জন্য আমি লাতিন আমেরিকায় গিয়েছিলাম। আপনি আশ্চর্য হবেন যে, তারা প্রত্যেকেই স্বতন্ত্র এক একটি দেশ।’