বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের ১০৬ রানের হারে অনেক কিছু নিয়েই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্তকে ভুল বলছেন অনেকে। তবে এ ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান এই সিদ্ধান্তকে সঠিকই মনে করছেন। তার মতে ইংলিশ ব্যাটসম্যানরাই দুর্দান্ত খেলে ম্যাচটা নিজেদের করেছে।
শনিবার কার্ডিফে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৮৬ রানের পুঁজি গড়ে ইয়ান মরগানের দল। জেসন রয় করেন সর্বোচ্চ ১৫৩ রান। জবাবে সাকিবের ১২১ রানের ইনিংসের পরও ৭ বল বাকি থাকতেই ২৮০ রানে থেমেছে টাইগারদের ইনিংস।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা এমন প্রশ্নের জবাব দিলেন সাকিব। বললেন, ‘‘আসলে বোলিং বা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কারো একার ছিল না। এটা সম্মিলিত সিদ্ধান্ত ছিল। যেটা ভালো মনে হয়, সব সময় সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়। কখনো সেটি কাজে আসে, কখনো আসে না।’’
সাকিব যোগ করে বলেন, ‘‘হ্যা, ফলাফলে আমরা হতাশ। আমরা নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভালো বল করেছিলাম। আমরা এই ম্যাচেও ভালো বোলিং প্রত্যাশ করেছিলাম। তবে ইংল্যান্ড দুর্দান্ত খেলেছে। তাদের কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে তাদের ওপেনাররা দারুণ শুরু করেছিল। বাটলার দারুণ ভাবে শেষ করেছে। সেটিই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।’’
বাংলাদেশের এটি টানা দ্বিতীয় হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারে টাইগাররা।