ফেনীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই মাদক কারবারি নিহত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম।
তিনি জানান, কয়েকজন কারবারি বিপুল পরিমাণ মাদক নিয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যাব পাল্টা গুলি চালালে দুই কারবারি গুরুতর আহত হন।
পরে দুজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
তবে তিনি নিহতদের নামপরিচয় জানাতে পারেননি।
মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের।