গাজীপুরে পুড়ে গেছে ৫৭ ঘর

গাজীপুরে আগুন লেগে পুড়ে গেছে শ্রমিকদের ৫৭টি ঘর। গতকাল রবিবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের বাইমাইল এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুই শ্রমিক।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, ভোর পৌনে ৪টার দিকে বাইমাইল উত্তরপাড়া এলাকার আবু বকর সিদ্দিকের শ্রমিক কলোনিতে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের খোকা মিয়া, রায়হান উদ্দিন ও নাজমুল হোসেনের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নেভাতে ব্যর্থ হলে গাজীপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে গাজীপুরের কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এরই মধ্যে আগুনে ৫৭ ঘর পুড়ে যায়।

তিনি আরও জানান, পুড়ে যাওয়া কাঁচা ও আধাপাকা ঘরগুলোতে গার্মেন্ট শ্রমিকরা বসবাস করতেন। ঈদের ছুটিতে অধিকাংশ শ্রমিক গ্রামে থাকায় আগুন লাগার পর মালপত্র বের করার কেউ না থাকায় ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গাজীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকারিয়া খান জানান, গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন। আগুন নেভাতে গিয়ে খোকা বাবু (৪০) ও শামীম (৩৫) নামে দুই স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।