শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা

কনস্টেবল অসীমকে খুঁজছে পুলিশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যাকারী সিআইডির কনস্টেবল অসীম ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর পুলিশের কয়েকটি টিমসহ গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজেও কোনো সন্ধান পাচ্ছে না অসীমের।

অসীমের দুটি ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। হত্যার কিছুক্ষণ পর তার নিজস্ব ফেসবুক আইডিও ডিঅ্যাকটিভ করা হয়েছে। এর থেকে পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিতভাবেই স্ত্রী ফাল্গুনীকে হত্যার পরিকল্পনা করেন কনস্টেবল অসীম। কিন্তু তাকে যখন ছুরিকাঘাত করা হয়, তখন বাধা দিতে গিয়ে খুন হন শাশুড়ি শেফালী অধিকারী।

হত্যাকাণ্ডের পর আলমডাঙ্গা থানার পুলিশ অসীমের শয়নকক্ষ থেকে ২১ বোতল ফেনসিডিল ও একটি ভারতীয় সিমকার্ড উদ্ধার করেছে।

আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সি দেশ রূপান্তরকে বলেন, হত্যাকাণ্ডের পর সিআইডির কনস্টেবল অসীম ভট্টাচার্যের মাদকাসক্তির বিষয়টিও তাদের নজরে এসেছে। এ ছাড়া তিনি মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট এমন তথ্যও পাওয়া যাচ্ছে।

এদিকে, নিহত শেফালী অধিকারীর স্বামী সদানন্দ অধিকারী গত শনিবার রাতে স্ত্রী হত্যার অভিযোগে জামাতা অসীম ভট্টাচার্যের নামে হত্যা মামলা করেছেন।