দর্শকের মনমতো হয়েছে ‘পাসওয়ার্ড’

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ঈদে মুক্তি পেয়েছে তার অষ্টম সিনেমা ‘পাসওয়ার্ড’। এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে এটি। এই সিনেমা ও অন্যান্য বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

পাসওয়ার্ড জনপ্রিয় হওয়ার কারণ?

আসলে দর্শক সব সময় নতুন কিছু দেখতে চায়, ভালো কিছু দেখতে চায়। তাই এ সিনেমার প্রযোজক শাকিব খানের ইচ্ছা ছিল এমন কিছু ঈদের মতো অনুষ্ঠানে দর্শকদের উপহার দেবেন, যা কেউ ফিরিয়ে দিতে পারবে না। হয়েছেও তাই, আমরা এরই মধ্যে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এবার ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি হল পেয়েছে আমার সিনেমাটি। প্রায় ২০০ হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রতিটি হলেই সব শো হাউজফুল হয়েছে। এর কারণ, সিনেমার গল্প অসাধারণ। বর্তমান প্রজন্ম যে ধরনের বিষয় নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন, এ সিনেমায় তাই রয়েছে। এ ছাড়া আমাদের পরিচালক মালেক আফসারীকে তো বলা হয় মাস্টার মেকার। এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা তুরস্কে শ্যুটিং হয়েছে। সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় হলোÑ এতে শাকিব খান, ইমন, মিশা সওদাগরসহ সবাই অনবদ্য অভিনয় করেছেন। আমাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে। সাধারণত বাণিজ্যিক সিনেমার নায়িকারা খুব সেজেগুজে গ্ল্যামার ছড়ালেও এই সিনেমায় আমি অভিনয়ের সুযোগ পেয়েছি। আমার লুকও ছিল খুব সাধারণ। তবে গানে গ্ল্যামারাসভাবেই উপস্থাপন করা হয়েছে। সব মিলিয়ে দর্শকের মনমতো হয়েছে ‘পাসওয়ার্ড’।

 

এবারও চুপি চুপি সিনেমা হলে

আমার প্রথম সিনেমা ‘বসগিরী’ থেকেই আমি লুকিয়ে একেবারে লোকাল সিনেমা হলে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমা দেখি। এতে তাদের শতভাগ পিওর রেসপন্স পাই। এ থেকে আমার ভুলগুলোও শুধরে নিতে পারি। এবারও আমি লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। ঈদের দিন বিকেলে ঘরের কাছের সিনেমা হলে কাজিনদের নিয়ে পাসওয়ার্ড দেখেছি। দর্শকদের প্রতিক্রিয়া, চিৎকার আর উল্লাস দেখে আমার চোখে পানি এসে গেছে।

 

অন্য নায়কের সঙ্গে

অনেকবার আমি এই প্রশ্নের মুখোমুখি হয়েছিÑ কেন আমি শাকিব খানের বাইরে সিনেমা করি না? কিন্তু কেউ কি এটা বলতে পারবে, আমাকে তারা খুব ভালো গল্পের একটি সিনেমা দিয়ে বলেছে, অন্য নায়কের সঙ্গে করতে হবে? আসল কথা হলো, আমাদের জুটি তৈরি করেছে দর্শক। তাদের কথা মাথায় রেখেই প্রযোজকরা আমার বিপরীতে শাকিব খানকেই নেন।