বল টেম্পারিং করেছেন জাম্পা!

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা বল টেম্পারিং করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। বল করার সময় জাম্পার বারবার পকেটে হাত ঢোকানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গেল বছর মার্চে কেপটাউন টেস্টে পকেট থেকে সিরিজ কাগজ বের করে বলের আকৃতি পরিবর্তন করেছিলেন ক্যামেরুন ব্যানক্রফট। জাম্পা এমন কিছু করেছেন বলে দাবি করছেন অনেকে।

ওভালে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৫২ রানের পুঁজি গড়ে ভারত। জাম্পা মোট ৬ ওভার বল করেছেন। ৫০ রান ব্যয়ে কোনো উইকেট পাননি এই ২৭ বছর বয়সী।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে জাম্পা বল করার আগে পকেটে হাত দিচ্ছেন। পকেট থেকে হেডব্যান্ড বের করছেন এটা বোঝা যাচ্ছিল। তবে তাৎক্ষণিক সেটি আবার পকেটেও রেখেছেন।

আসলে সত্যিই বলের আকৃতি পরিবর্তনের জন্য জাম্পা কিছু করেছেন কিনা সেটি পুরোপুরি স্পষ্ট নয়। তবে নেটিজেনরা দাবি করছেন টেম্পারিং করেছেন জাম্পা।

২০১৮ সালে পকেট থেকে সিরিঞ্জ কাগজ বের করে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করেছিলেন ক্যামেরুন ব্যানক্রফট। সেই ঘটনায় বড় বিপর্যয় নেমে আসে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। এক বছরের জন্য নিষিদ্ধ হন তখনকার অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নয় মাসের জন্য নিষিদ্ধ হন ব্যানক্রফট।