প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা নতুন বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ প্রকাশিত হয়েছে। শিশু-কিশোরদের উপযোগী হলেও সব বয়সের পাঠকের কাছে বইটি গ্রহণযোগ্য বলে জানিয়েছেন প্রকাশক বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। তিনি বলেন, ‘বইটি ইতোমধ্যে দেশের শিশুদের মধ্যে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। বিপুলসংখ্যক কপি বিক্রি হয়েছে। এখনো বিক্রি চলছে। ঢাকায় শিশু একাডেমির বিক্রয়কেন্দ্রে বইটি পাওয়া যাবে।’
শেখ হাসিনা ছোটদের উপযোগী বইটি লিখেছেন গল্প আকারে। বইটিতে তিনি শেখ রাসেলের ছোটবেলা থেকে শুরু করে পুরো জীবনের অনেক ঘটনা, জীবনযাপন, মা-বাবা, ভাই-বোনের সঙ্গে তার সময় কাটানো, পড়ালেখা, স্বজনদের সঙ্গে বন্দি জীবন, ঘাতকদের হাতে নিহত হওয়ার ঘটনা তুলে ধরেছেন।
বইয়ের ২১ পৃষ্ঠায় কারাগারে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার বিষয়ে শেখ হাসিনা লিখেছেন, ‘আব্বার সঙ্গে প্রতি ১৫ দিন পর আমরা দেখা করতে যেতাম। রাসেলকে নিয়ে গেলে ও আর আসতে চাইত না। খুবই কান্নাকাটি করত। ওকে বোঝানো হয়েছিল যে, আব্বার বাসা জেলখানা আর আমরা আব্বার বাসায় বেড়াতে এসেছি। আমরা বাসায় ফেরত যাব। বেশ কষ্ট করেই ওকে বাসায় ফিরিয়ে আনা হতো। আর আব্বার মনের অবস্থা কী হতো, তা আমরা বুঝতে পারতাম। বাসায় আব্বার জন্য কান্নাকাটি করলে মা ওকে বোঝাতেন এবং মাকে আব্বা বলে ডাকতে শেখাতেন। মাকেই আব্বা বলে ডাকত সে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠভ্রাতা শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতক খুনিদের হাতে নিহত হয়। বইটি বিশ্বের সব শিশুকে উৎসর্গ করে শেখ হাসিনা লিখেছেন, ‘বিশ্বের সকল শিশুদের প্রতি ভালোবাসা।’
বইটির প্রকাশক শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মাসুক হেলাল। ৫৬ পৃষ্ঠার বইটি অফসেট কাগজে ছাপা হয়েছে। প্রথম পাতায় পিতা জাতিরজনক বঙ্গবন্ধুর সঙ্গে রাসেলের একটি ছবি দিয়ে বইয়ের শুরুটা হয়েছে। পুরো বইতে মা, বাবা, বোন ও ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে ২৪টি ছবি প্রকাশিত হয়েছে। বইটির মূল্য ১৫০ টাকা।