ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা সমুদ্র চ্যানেল জয় করলেন ২১ বছরের বাঙালি মেয়ে সায়নী দাস। প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ প্রশান্ত মহাসাগরের ক্যাটালিনা চ্যানেল একনাগাড়ে সাঁতরে পার হয়েছেন তিনি।
লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার সমুদ্রের ভেতরে সান্তা ক্যাটালিনা দ্বীপের অবস্থান। পশ্চিমবঙ্গের বর্ধমানের মেয়ে সায়নী এই দ্বীপ থেকেই গত শুক্রবার স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে সাঁতার শুরু করেন। অন্ধকার সমুদ্র, বরফশীতল পানি, উন্মত্ত ঢেউ আর প্রবল স্রোত উপেক্ষা করে সমুদ্রজয়ের অভিযানে অবিচল থাকেন সায়নী। সমুদ্রের পানিতে তিনি ছিলেন একা। তার পাশে একটি ডিঙি নৌকায় ছিলেন ক্যাটালিনা চ্যানেল সুইমিং ফেডারেশনের একজন কর্মকর্তা। আরেকটু দূরে বড় একটি নৌকায় নিরাপত্তার জন্য তাকে বেশ কয়েকজন অনুসরণ করছিলেন। একনাগাড়ে ১২ ঘণ্টা ৪৬ মিনিট সাঁতরে পরদিন শনিবার দুপুর ১২টা ২১ মিনিটে র্যাঞ্চো প্যালেস ভার্দেসের তীরে পৌঁছান তিনি।
প্রায় ১৩ ঘণ্টা সাঁতরানোর সময় একবারের জন্যও বিশ্রাম নেননি সায়নী। তবে সাঁতরানোর মাঝেই দুই ঘণ্টা পরপর তাকে তরল খাবার দেওয়া হয়।
গত ৮০ বছরে এখন পর্যন্ত কেবল ২০০ জনের মতো সাঁতারু ৩৩ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলটি অতিক্রম করতে পেরেছেন। ওপেন ওয়াটার সুইম অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ড্যান সিমোনেলি সায়নীর সাঁতার পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, এটা ছিল একটা কঠিন সাঁতার। প্রায় পুরোটা সময়ই তাকে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হয়েছে।
এর আগে ২০১৭ সালে ইংলিশ চ্যানেল এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রোটনেস্ট চ্যানেল জয় করেন সায়নী। আগামীতে আরও পাঁচটি সমুদ্র চ্যানেল জয় করতে চান তিনি।