গাজীপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে এক বাসচালকের বিরুদ্ধে। এ সময় নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যাত্রী সালাহ উদ্দিন (৪৬) ঢাকার আলুবাজার এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী পারুল বেগম দেশ রূপান্তরকে জানান, তার স্বামী পলমল গ্রুপের স্কটেক্স এ্যাপারিয়াল কারখানার গাড়িচালক ছিলেন। তিনি নিজেও একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদের ছুটি কাটিয়ে ময়মনসিংহের ফুলপুর থেকে আলম এশিয়া পরিবহনের একটি বাসে করে তারা গাজীপুর ফিরছিলেন। বাসে কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। বাসটি বাঘের বাজার এলাকায় পৌঁছালে তার স্বামীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়।
এদিকে সড়কে মৃত্যুর মিছিল চলছেই। গতকাল নারায়ণগঞ্জে পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে ৩ বছরের এক শিশু। গাজীপুরে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এক যাত্রীকে ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও ৬ জন, আহত হয়েছে ৪০ জনের বেশি।
বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরেÑ
গাজীপুরে যাত্রীকে ‘হত্যা’ : গাজীপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই জুলহাস মিয়া জানান, বড় ভাইয়ের ফোন পেয়ে তাকে নিতে বাসস্ট্যান্ডে আসেন। একসময় আলম এশিয়া পরিবহনের বাস থেকে তার ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তিনি দৌড়ে গিয়ে ভাইকে ধরেন। পরে তিনি বাসের সামনে গিয়ে তার ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণ জানতে চান। তখন সালাহ উদ্দিনও বাসের সামনে যান। এ সময় বাসের চালক তার ভাইকে পিষ্ট করে ঢাকার দিকে চলে যায়। পারুল বেগম তখনো বাসের ভেতরে ছিলেন। তাকে সেখানে না নামিয়ে আধা কিলোমিটার দূরে আমতলী এলাকায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বাসের যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগে অজ্ঞাতপরিচয়ের বাসচালক, হেলপার ও কন্ডাক্টরকে আসামি করে নিহতের ছোট ভাই মো. জুলহাস মিয়া জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বাসটি জব্দ করা হয়েছে।
পুলিশের গাড়ির চাকায় পিষ্ট ৩ বছরের শিশু : নারায়ণগঞ্জে পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে নুসরাত নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা স্বপ্না বেগম (২২) গুরুতর আহত হন। নিহত নুসরাত মুছাপুর এলাকার নাসির মিয়ার মেয়ে। আহত স্বপ্না বেগমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার বন্দর থানার মুছাপুর থেকে সিএনজি অটোরিকশায় করে মিনারবাড়ী যাওয়ার সময় ডুমুরতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, একটি ভাড়া গাড়িতে করে কামতাল তদন্তকেন্দ্রের আইসি আনোয়ার ও ফোর্স ফাঁড়িতে যাচ্ছিলেন। দুই সিএনজির সংঘর্ষে শিশু ও তার মা ছিটকে পুলিশকে বহনকারী গাড়ির ওপর পড়ে। এ সময় শিশু ও তার মা আহত হলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে শিশুটি মারা যায়।
খুলনায় পিকআপ চালক নিহত : খুলনায় যাত্রীবাহী বাস ও মাছের পোনা বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শেখ ইমদাদুল হক (৩৫) নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কার্ত্তিকডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানের চালক শেখ ইমদাদুল হক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেরামতউদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁওয়ে নিহত ২ : ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। রবিবার ভোরে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের নেকড়ীহাট নামক স্থানে ট্রলি ও মাইক্রোবাসের সংঘর্ষে হৃদয় বর্মণ (১৯) নামে মাইক্রোবাসের হেলপার নিহত হয়েছেন।
এদিকে পীরগঞ্জে বাইসাইকেল থেকে পড়ে মসলিমউদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পীরগঞ্জ-জাবরহাট পাকা সড়কের বালুবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মসলিম উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মফিজউদ্দীনের ছেলে।
নীলফামারীতে মোটরসাইকেল আরোহী নিহত : নীলফামারীর কিশোরগঞ্জে জলঢাকা-রংপুর মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রতন কুমার রায় (২৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রতনের ছোট ভাই (নাম জানা যায়নি) ও বাবা শংকর চন্দ্র রায় (৫৫)। রবিবার বিকেলে উপজেলার রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা-রংপুর মহাসড়কের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি জেলার জলঢাকা উপজেলার চেংমারী গ্রামে।
সিলেটে সড়কে গেল শিশুর প্রাণ : ঈদের ছুটি শেষে পরিবারের সঙ্গে বাবার কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে শিশু প্রিয়া আক্তার (১২)। গতকাল রবিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট-সারিঘাট সড়কে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা ফরিদা বেগমসহ (৩৫) পরিবারের আরও ৪ সদস্য আহত হয়েছে।
সাতক্ষীরায় ওসিসহ আহত ৫ : সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও পুলিশের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কালীগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমানসহ ৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ওসি হাসান হাফিজুর রহমানের অবস্থা গুরুতর বিবেচনায় ঢাকার ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।