পশ্চিমবঙ্গ দখলে বিজেপির নীলনকশা

লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লক্ষ্য পশ্চিমবঙ্গের বিধানসভা দখলের। বিজেপির নীতিনির্ধারকরা ইতিমধ্যেই ২০২১ সালে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচন সামনে রেখে ‘নীলনকশা’ তৈরি করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রাজ্যের বিধানসভার ২৯৪ আসনের মধ্যে অন্তত ২৫০টি পেতে চায় বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৮টি আসন পেয়েছে। ২০১৪ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল মাত্র দুটি আসন। বিশ্লেষকদের মতে, ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম শিবিরের ভোট বিজেপির বুথে পড়ায় এই আসন বৃদ্ধি ঘটেছে।

পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক ইস্যুগুলোকে কেন্দ্র করে রাজ্যে নিজেদের সমর্থন বাড়াতে চায় বিজেপি। নাগরিকত্ব বিল ছাড়াও শিল্পায়ন ইস্যুকে তাই বিজেপি এগিয়ে রেখেছে পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতার দুর্গ দখলে। বিধানসভা কেন্দ্র করে বিজেপির নীলনকশা নিয়ে তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে বলা হয়, রাজ্যের ক্ষমতায় আসতে বিজেপির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে ২০২১ সালের নির্বাচনে।

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কৈলাস বিজয়ভার্গিয়া সাংবাদিকদের বলেন, ‘লোকসভায় আমরা রাজ্যের ২৩টি আসনকে টার্গেট করেছিলাম এবং ১৮টি আসনে জিতেছি। এখন আমাদের টার্গেট রাজ্য বিধানসভার ২৫০টি আসন। আমরা খুব জলদিই নির্বাচনী কৌশল নির্ধারণ করে লক্ষ্য অর্জনে কাজ শুরু করব।’ দলীয় সূত্রে জানা যায়, রাজ্যে বিজেপির কর্মীদের মধ্যে যাদের ইমেজ ভালো, তাদেরই সামনে আনা হবে বিধানসভা নির্বাচনে।

পশ্চিমবঙ্গে লোকসভার ফলাফল বলে দিচ্ছে রাজ্যের রাজনৈতিক মেরুকরণে ব্যাপক পরিবর্তন এসেছে। রাজ্যে এখন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বাইরে শক্তিশালী দল বিজেপি। ২০১৪ সালের লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪টি আসন। কিন্তু এবারের নির্বাচনে দলটি পেয়েছে মাত্র ২২টি আসন।