নড়াইল শহরের মাছিমদিয়া চিত্রা সেতু এলাকায় আব্দুল মান্নান (৫০) নামে ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার মাছিমদিয়া এসএম সুলতান সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মান্নান সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে। তিনি নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আ. মান্নান তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে শহরেরই বাসা ভাড়া করে থাকেন। পরিবারের সদস্যদের খরচ বহন করতে তিনি নৈশপ্রহরীর চাকরির পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
আব্দুল মান্নান রোববার বিকেলে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি বল্লারটোপ বেড়াতে যান। এরপর সন্ধ্যায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতে বেরিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তবে মোটরসাইকেলটি নিতে পারেনি।
বাশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য হত্যা করেছে নাকি কোনো শত্রুতা ছিল তা এখনো বলা কষ্টসাধ্য। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটন করবে।”
নড়াইল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সৈয়দ আরিফুর রহমান জানান, নিহত আব্দুল মান্নান অত্যন্ত সৎ মানুষ ছিলেন। তিনি বিনয়ী ও ভদ্র মানুষ ছিলেন। সংসারের খরচ বহন করতে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ধারণা করা হচ্ছে যাত্রীবেশে ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনিয়ে নিতেই তাকে নির্মমভাবে হত্যা করেছে।
নড়াইল সদর থানার এসআই মো. হাবিব জানান, নিহতের গলায়, ঘাড়ে, বাম কাঁধে ও ডান হাতের আঙুলে কোপের চিহ্নসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, “মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে নড়াইল সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।