জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০১৭ সালের জুনে। এরপর আর ভারত দলের জার্সি গায়ে আর দেখা যায়নি যুবরাজ সিংকে। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ২০১১ সালের টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যুবি সংবাদ সম্মেলন ডেকেছেন বলে জানা গেছে।
সোমবার সাউথ মুম্বাই হোটেলে হবে এই সংবাদ সম্মেলন। তাতে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় ক্রিকেটে যুবরাজের অবদান অনেক। তাকে ছাড়া হয়তো ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জেতা হয়তো সম্ভব হতো না মহেন্দ্র সিং ধোনির দলের। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ অবদান ছিল মিডল অর্ডার এই ব্যাটসম্যানের। টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো একমাত্র ব্যাটসম্যান হলেন ক্যান্সারজয়ী যুবরাজ!
আজকের ৩৭ বছর বয়সী যুবরাজ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০০০ সালে। কুড়ি বছর ছুঁই ছুঁই ক্যারিয়ারে ওডিআই খেলেছেন ৩০৪টি। তাতে ১৪টি শতক ও ৫২টি অর্ধশতকসহ করেছেন আট হাজারের উপরে রান।
৪০টি টেস্ট খেলে তিনটি শতক ও এগারোটি অর্ধশতকসহ করেছেন উনিশো রান। যুবরাজ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৫৮টি। তাতে আটটি অর্ধশতকসহ এগারশো ৭৭ রান। মিডল অর্ডারে দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন যুবরাজ।