ভয় পেয়ে সিনেমা হল ছাড়লেন দর্শক। রোববার এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায় চলমান সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে। ওই সময় প্রদর্শিত হচ্ছিল ‘দ্য নাইটিঙ্গেল’ শিরোনামের একটি সিনেমা।
ঐতিহাসিক ড্রামাধর্মী ছবিটি শুরুর ২০ মিনিটের মধ্যে অধিকাংশ দর্শক প্রেক্ষাগৃহ ত্যাগ করেন।
১৮২৫ সালের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য নাইটিঙ্গেল’-এর কাহিনি ২১ বছরের আইরিশ তরুণী ক্ল্যারাকে নিয়ে। যে কিনা নিজের পরিবারের বিরুদ্ধে ঘটা সহিংসতার প্রতিশোধের পথ খোঁজে। এ কারণে তাকে অভিযুক্ত করা হয়।
জেনিফার কেন্ট পরিচালিত সিনেমাটির প্রথম বিশ মিনিটের মধ্যে রয়েছে একাধিক ধর্ষণ দৃশ্য। এর কিছু আবার গ্রাফিকসের মাধ্যমে দেখানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই সময় এক নারী দর্শক প্রেক্ষাগৃহে চিৎকার জুড়ে দেন। তিনি বলেন, ক্ল্যারাকে আগেও ধর্ষিত হতে দেখা গেছে। আমরা আবার তা দেখতে চাই না।
এই সব ভীতিকর দৃশ্য বেশির ভাগ দর্শককে সিনেমা হল থেকে বের হয়ে যেতে বাধ্য করে।
তবে অনেকে ছবিটির প্রশংসা করেন। একজন টুইটারে লেখেন, ‘দ্য নাইটিঙ্গেল’ অস্ট্রেলীয় দর্শকদের দেখা দরকার। আরেকজন ‘নিষ্ঠুরতা’র প্রসঙ্গ টেনে এনেও সিনেমাটি কতটা দরকারি তা জানান।
চলতি বছরের শুরুতে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়। ওই সময় এক সাক্ষাৎকারে পরিচালক কেন্ট জানান, ‘দ্য নাইটিঙ্গেল’ নির্মাণ করা ততটা সহজ ছিল না। একজন মানুষ হিসেবে তাকে সহ্যের চূড়ান্ত সীমার দিকে ঠেলে দিয়েছিল।
নিষ্ঠুর দৃশ্যগুলো ধারণের আগে অভিনয়শিল্পীদের ওই ধরনের মানসিক ভাঙাগড়ার অনুকরণ নিশ্চিত করেছেন কেন্ট।
এদিকে একই উৎসবে ১০ ও ১৩ জুন প্রদর্শিত হবে মোস্তফা সরয়ার ফারুকী ‘শনিবার বিকেল’। প্রদর্শনী শেষে থাকছে প্রশ্নোত্তর পর্ব।
তিন দেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ প্রমুখ। আছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও ভারতের কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।