ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপুল রায় (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।
সোমবার সকালে ঠাকুরগাঁও-সেতাবগঞ্জ সড়কের জগন্নাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই সিরাজ উদ দৌলা।
নিহত বিপুল রায় (২২) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রথিন রায়ের ছেলে ও আহত অনিমেশ রায় (১৪) একই গ্রামের পরিমল রায়ের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার এসআই সিরাজ উদ দৌলা জানান, সকালের দিকে মাইক্রোবাসটি শহর থেকে সেতাবগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল খোচাবাড়ির দিকে আসার সময় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যান বিপুল। পরে আহত অনিমেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে সেই মাইক্রোবাসকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান এসআই।