বিদায় বেলায় সৌরভকে ‘ধন্যবাদ’ দিলেন যুবরাজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং। যুবরাজকে দলে নেওয়ার পর ক্যারিয়ারের অনেকটা সময় আগলে রেখেছিলেন সৌরভ।

যুবরাজ জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামেন ২০১৭ সালের জুনে। এরপর ভারত দলের জার্সি গায়ে আর দেখা যায়নি ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ককে।

সোমবার সাউথ মুম্বাই হোটেলে সংবাদ সম্মেলন করেন যুবরাজ। বিদায়ী বক্তব্যে আরেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও স্মরণ করেন তিনি।

গাঙ্গুলি অধিনায়ক থাকার সময় ২০০০ সালে জাতীয় দলে ঢোকেন যুবরাজ। ওই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়ার পর ‘দাদা’র নজরে পড়েন। সেবার ২০৩ রানের পাশাপাশি ১২ উইকেট নেন পাঞ্জাবের এই ক্রিকেটার।

সোমবার সৌরভের কথা স্মরণ করে যুবরাজ বলেন, ‘আমাকে নির্বাচন করার জন্য সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ। তার অধিনায়কত্বে খেলতে পেরে আমি গর্বিত।’

২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্যানসারকে হারিয়ে নতুন জীবন ফিরে পাওয়া যুবরাজ। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। সেবার ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয়টি ছয় হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েন।

৩৭ বছর বয়সী যুবরাজ ২০ বছর ছুঁই ছুঁই ক্যারিয়ারে ওডিআই খেলেছেন ৩০৪টি। তাতে ১৪টি শতক ও ৫২টি অর্ধশতকসহ করেছেন আট হাজারের উপরে রান।

৪০টি টেস্ট খেলে তিনটি শতক ও এগারোটি অর্ধশতকসহ করেছেন ১৯০০ রান। যুবরাজ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৫৮টি। তাতে আটটি অর্ধশতকসহ ১১৭৭ রান।