মন্দিরের মূর্তির সঙ্গে আপত্তিকর ছবি: তরুণ গ্রেপ্তার

ভারতের তামিলনাড়ুর তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরে নারী মূর্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি তোলায় গ্রেপ্তার হয়েছে এক তরুণ।

১০০০ খ্রিস্টাব্দে চোল রাজাদের হাতে নির্মিত মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। মন্দির চত্বরে ছড়িয়ে রয়েছে সেইসব সময়ের নানা ভাস্কর্য ও প্রাচীন মূর্তি।

বুধবার ওই মন্দিরে ঘুরতে যান ২৮ বছরের যুবক মুজিবর রহমান। 

সেখানে মন্দিরের বিভিন্ন নারী মূর্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি তোলেন তিনি। 

এরপর সেই ছবি পোস্ট করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। মন্দিরের অনুগামী, ভক্ত, ঐতিহ্যরক্ষায় উৎসাহী ও বিভিন্ন সংগঠন বিষয়টি নিয়ে সরব হয় এবং ওই যুবকের শাস্তি দাবি করেন।

একপর্যায়ে শনিবার তামিলনাড়ু পুলিশ গ্রেপ্তার করে মুজিবরকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ও ২৯৫-এ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে মুজিবর তিরুচিরাপল্লির কেন্দ্রীয় সংশোধনাগারে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

পুলিশ জানায়, মুজিবরের বাড়ি মাদুরাইয়ের কাছে ওঠাকাদাই এলাকায়। তবে তিনি থাকেন তিরুচিরাপল্লিতে। 

ফেসবুকে পোস্ট করা সেসব ছবিতে দেখা যাচ্ছে, নারী মূর্তিকে আপত্তিকরভাবে জড়িয়ে ধরে আছেন মুজিবর। আবার নারী মূর্তিকে জড়িয়ে ধরে চুমুও খেতে দেখা যাচ্ছে তাকে। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা