ঈদের ছুটি শেষে রাজধানীগামী যাত্রীদের কাছ থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লঞ্চ ও স্পিডবোট মালিকরা বাড়তি টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
ঢাকাগামী মাদারীপুরের যাত্রী সাহিদুর রহমান বলেন, গাড়িতে তেমন একটা কষ্ট হয়নি। তবে লঞ্চ ও স্পিডবোট উভয় স্থানেই অতিরিক্ত ভাড়া নিচ্ছে। প্রশাসন যানবাহনের চাপ সামাল দিতে ব্যস্ততা দেখাচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নেই। অসহায় যাত্রীরা স্পিডবোটে ১৫০ টাকার ভাড়া বাধ্য হয়ে দিচ্ছেন ২০০ টাকা।
তবে ঘাটে দায়িত্বরত শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের দাবি, অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
ইউএনও আরও জানান, লঞ্চ ও স্পিডবোটে বাড়তি ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। এ জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিমও কাজ করছে সার্বক্ষণিক।
উল্লেখ্য, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ২০টি ফেরি, ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে।