নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী (২০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার পর পরই পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করেছে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার ওই তরুণী ইউনিয়নের আউজহাটি শিবপুর গ্রামের ফুফুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বিকেল ৩টার দিকে সাখরা গ্রামের কাছে পৌঁছালে চার যুবক মিলে মেয়েটিকে প্রথমে স্থানীয় একটি জঙ্গলে এবং পরে পুবাইল গ্রামের মুন্নাফ মিয়ার গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান ও কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামানসহ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গড়াডোবা ইউনিয়নের চন্দলাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কাজল (৪০), আব্দুর রহমানের ছেলে হুমায়ূন (২৫) ও রইছ উদ্দিনের ছেলে জামরুল (২৮) নামে তিন যুবককে আটক করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, তরুণীকে মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।