কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকের আসামি নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাপ্পী ওরফে রাজিব (২৬) নামে মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। এ সময় আহত হন পুলিশের তিন সদস্য। সোমবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় হোসেনপুর-লালমতি সড়কের মিল গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাপ্পী ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।

এক পর্যায়ে বাপ্পী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ক্রিজ, একটি রামদা ও ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, বাপ্পী সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় ১১টির বেশি মামলা রয়েছে।