ভুল চিকিৎসায় গর্ভবতীর মৃত্যু, একজন আটক

সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এবং কর্তৃপক্ষের অবহেলায় এক গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হলে সামসুন্নাহার নামে হাসপাতালটির একজন রোগী সরবরাহকারীকে আটক করা হয়।

এর আগে সোমবার বিকেলে সাভার থানা স্ট্যান্ড এলাকায় অবস্থিত পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক হাসপাতালে ওই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম তানিয়া খাতুন (২০)। তিনি স্বামী আজিজুল হাকিমের সাথে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার সাত্তারের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।  

আটককৃত সামসুন্নাহার মাদারিপুর জেলার সদর থানার পাঁচখোলা গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। সে বেসরকারি এনজিও ব্র্যাকের স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরির পাশাপাশি পলাশ হাসপাতালে রোগী সরবরাহ করতেন।

পলাশ হাসপাতালের সিনিয়র নার্স মোসা. রুবি খানম বলেন, সোমবার দুপুরে তানিয়া নামে একজন গর্ভবতী নারী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। এ সময় আমরা তার ফিটনেস ও যাবতীয় পরীক্ষা করিয়ে অপারেশন থিয়েটারে পাঠাই। সেখানে হাসপাতালের মালিক এবং গাইনি সার্জন ডা. সৈয়দ মোকাররম হোসেন পলাশের উপস্থিতিতে এ্যানেস্থেশিয়া চিকিৎসক টিটু তাকে অজ্ঞান করার জন্য ইনজেকশন পুশ করেন। এরপর থেকেই ধীরে ধীরে রোগীর অবস্থায় খারাপ হয়ে যায়।

নিহতের স্বামী আজিজুল হাকিম অভিযোগ করেন, সুস্থ অবস্থায় আমার স্ত্রীকে সিজারের জন্য পলাশ হাসপাতালে নিয়ে যাই। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ আমার অনুপস্থিতিতেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। একপর্যায়ে আমার স্ত্রী নিস্তেজ হয়ে পরলে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে আমাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। কিন্তু ঢাকা মেডিকেলে আনার পর দায়িত্বরত চিকিৎসকরা তানিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাসপাতালের মালিক ডা. সৈয়দ মোকাররম হোসেন পলাশ বলেন, গর্ভবতী নারীর সিজারের জন্য আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাই। এ সময় তাকে এ্যানেস্থেশিয়া দেয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। এ ঘটনায় আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা পর প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমজাদুল হক বলেন, গর্ভবতী নারীর মৃত্যুর খবরটি শুনেছি। এ ঘটনায় রোগীর স্বজনেরা লিখিত অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেট্রোপলিটন এলাকার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান, গর্ভবতী মায়ের মৃত্যুর ঘটনায় তার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে সামসুন্নাহার নামে পলাশ হাসপাতালের এক রোগী সরবরাহকারীকে আটক করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।