এক অভিনেতার সঙ্গে এত কাজ করা নেতিবাচক

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। ঈদে তার অভিনীত এক ডজন নাটক প্রচার হয়েছে। ঈদের ছুটি শেষে আজ থেকে নতুন নাটক শুরু করছেন তিনি। বিভিন্ন প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ । ছবি : শওকত মোল্লা

ছুটি কাটিয়ে শুরু...

ঈদের ছুটি শেষে আজ থেকে কাজ শুরু করছি। ‘আলোর অন্তরায়’ শিরোনামের একটি বিটিভির খ- নাটকের শ্যুটিং করছি। জুয়েল শরীফের নির্দেশনায় এ নাটকে আমার বিপরীতে আছেন মনোজ প্রামাণিক। আমি নাম ভূমিকা আলো চরিত্রে অভিনয় করছি। গ্রামের চেয়ারম্যানের শিক্ষিত মেয়ে আলো। তবে সমাজে এখনো যে মেয়েদের ছোট চোখে দেখা হয়, তা নিয়ে সে নিজের পরিবার থেকে লড়াই শুরু করে। এক সময় সমাজেও সেই লড়াই ছড়িয়ে পড়ে। নারীদের আইনি শিক্ষায় গুরুত্ব নিয়ে সামাজিত বার্তা দেওয়া হবে নাটকটির মাধ্যমে। শিল্পী হিসেবে এ ধরনের কাজ করা আমাদের দায়িত্ব বলে মনে করি।

 

ঈদের নাটকে সাড়া...

এবার ঈদের জন্য ১৬টি নাটক করেছিলাম। প্রচার হয়েছে এক ডজন। এর মধ্যে সবচেয়ে সাড়া পেয়েছি জুয়েল হাসানের নাটক ‘লক্ষ্মীসোনা’য়। আমার বিপরীতে ছিলেন জোভান। এবার তার সঙ্গে হাফ ডজন কাজ করেছি। সেগুলোই বেশি সাড়া ফেলেছে। আরও রয়েছে ‘পাগল পাহাড় কিনবে’, ‘টান’, ‘সাইজ ৪২’, ছয় পর্বের ধারাবাহিক ‘চলো দিগন্তে’ ইত্যাদি। এ ছাড়া ইরফান সাজ্জাদের সঙ্গে ফিল্মি ধাঁচের নাটক ‘ভিন্ন শহর’, ক্রিকেট নিয়ে ফারহানের সঙ্গে মাবরুর রশীদ বান্নাহর ‘ডাক হিরো’ নাটক দুটির জন্যও দর্শকের প্রশংসা পেয়েছি।

 

ঈদের নাটকে জুটি প্রথা...

শোবিজে আট বছর ধরে কাজ করছি। আগের কোনো ঈদে একই নায়ক-নায়িকার এত নাটক আমি নিজেও দেখিনি। এই যেমন আমি জোভানের সঙ্গে অনেকগুলো নাটক করেছি। সাবিলা করেছে তৌসিফ আর ইরফান সাজ্জাদের সঙ্গে। নিশো আর তানজিন তিশার অসংখ্য নাটক প্রচার হয়েছে। কিন্তু এমন কেন হয়েছে আমি জানি না। আমার কাছে নিশো, অপূর্ব বা তৌসিফের সঙ্গে কোনো স্ক্রিপ্টই আসেনি। যাদের সঙ্গে এসেছে তাদের সঙ্গেই কাজ করেছি। কিন্তু একই অভিনেতার সঙ্গে এত কাজ করাটা নেতিবাচক মনে হয় আমার কাছে। এতে দর্শক বিরক্ত হয়।