সাভারে পারিবারিক কলহের জের ধরে নিজ স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী সুরুজ্জামান বকুল (৪৮) কে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আকরান গ্রামের হাসমত আলীর ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর নাম নাজমা আক্তার (৩৩)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা গ্রামে। সে স্বামীর সাথে আকরান এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি তৈরী পোশাক কারখানায় চাকুরী করতো বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের আকরান গ্রামের হাসমত আলীর বাড়ির ভাড়াটিয়া কাঠমিস্ত্রী সুরুজ্জামান বকুল ও তার পোশাক শ্রমিক স্ত্রী নাজমা আক্তারের মধ্যে পারিবারিক কলহ নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এসময় স্ত্রী নাজমা আক্তার স্বামী সুরুজকে গ্রামের বাড়িতে থাকা জমি তার তিন মেয়ের নামে লিখে দেওয়ার কথা বলে। স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাঠমিস্ত্রি স্বামী সুরুজ্জামান ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো কুড়াল দিয়ে স্ত্রী নাজমা আক্তারের ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে হত্যা করে।
ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা সুরুজকে আটক করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বিরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসে। ঘাতক স্বামী সুরুজ্জামান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুটিজানা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজগর আলী জানান, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।