‘বিদ্রোহীর’ চাপে কোণঠাসা আওয়ামী লীগ প্রার্থী

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী মাঠে তৎপর থাকায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী।

আগামী ১৮ জুন কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ভোটগ্রহণে নানা অনিয়মের অভিযোগে গত ২৪ মার্চ ভোটের দিন নির্বাচন স্থগিত করা হয়।

কটিয়াদীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী। দল মনোনীত প্রার্থী হ্যাপীকে চ্যালেঞ্জ করে ভোটের মাঠে তৎপর রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন আলী আকবর (দোয়াত-কলম), ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান (ঘোড়া) ও আলতাফ উদ্দীন (মোটরসাইকেল)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আনোয়ার আনার (আনারস) এবং জাকের পার্টির প্রার্থী শহীদুজ্জামান স্বপন (গোলাপ ফুল) জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের ভোট টানতে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন আলী আকবর বলেন, ‘জন্ম থেকে আওয়ামী লীগ করে আসছি। তাই প্রতিটি ভোটারের কাছে গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছি। এর আগেও আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। এলাকার প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামের লোক আমাকে সৎ ও ত্যাগী কর্মী হিসেবে চিনেন। তাই আমি জয়ের আশাবাদী।’

আরেক প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, ‘এবার ভোটাররা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। গণসংযোগে ব্যস্ত রয়েছি, নির্বাচন স্থগিত হওয়ার পর থেকে কর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি, গণসংযোগ করছি। আশা করছি সফল হব।’

নৌকার প্রার্থী তানিয়া সুলতানা হ্যাপী দাবি করেন, ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। তিনি বলেন, ‘নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানান ভোটাররা।

এ উপজেলায় ভোটার ২ লাখ ৩০ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৬১৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ৮২২ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন রেজাউল করিম শিকদার (তালা), মো. বকুল মিঞা (টিউবওয়েল), সদরুল হক (বৈদ্যুতিক বাল্ব), মজিবুর রহমান (টিয়া পাখি), মো. কামরুজ্জামান (মাইক) এবং মো. আবুল কালাম (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন সাথী বেগম (কলস), রোকসানা (ফুটবল) এবং মোসা. নওরীন সুলতানা (হাঁস)।