ক্রেতা সেজে মাদকসহ বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ক্রেতা সেজে গাঁজা ও ফেনসিডিলসহ বকুল মিয়া (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার পাঁচগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

 আটক বকুল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের বাসিন্দা। গতকাল দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

 ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ জানান, পাঁচগাঁও বাজার এলাকায় মাদক চালান বেচাকেনার গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা ছদ্মবেশে অবস্থান নেন। ভোররাত সাড়ে তিনটার দিকে মাদকের ক্রেতা সেজে র‌্যাব সদস্যরা মাদক বিক্রেতা বকুলকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা একটি বস্তা ও ব্যাগে তল্লাশি করে ২৬ কেজি গাঁজা ও ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তিনি আরও জানান, আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।