হ্যাশট্যাগ মি টু নিয়ে ফের মুখ খুললেন মাধুরী

এবার বলিউডে হ্যাশট্যাগ মি টু (#MeToo) আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। প্রসঙ্গে এর আগেও সরব হয়েছিলেন তিনি।

মাধুরীর মতে, শুধু বিনোদন জগতেই নয়, বরং সবক্ষেত্রে জায়গা নির্বিশেষে মেয়েদের নিরাপত্তার কথা ভাবা উচিত। যে কোনও পরিস্থিতিতেই মেয়েদের নিরাপত্তার ইস্যুকে এগিয়ে রাখা উচিত। অনেকেই রয়েছেন যারা রাস্তাঘাটে যানবাহনে হেনস্তা হন, তাদের কথাও মাথা রাখা উচিত।

তিনি বলেন, “জনপ্রিয় মানুষদের কুকীর্তির কথা সকলেই অল্পবিস্তর জানেন। কিন্তু সাধারণ মানুষের কথা ভাবুন। যাদের মুখ অচেনা। তাদের হাতে প্রতিনিয়ত মহিলারা কীভাবে হেনস্তা হচ্ছেন। সেই মহিলা ট্রেনে, বাসে কিংবা প্রকাশ্যে যৌন অত্যাচারের শিকার হচ্ছেন। যদি মহিলাদের হেনস্তামূলক সমস্যাকে নির্মূল করতে হয় এবং সুরক্ষিত পরিবেশ চান, তাহলে ঘরে ঘরে মানুষদের শিক্ষিত হতে হবে। আরও বেশি করে শিক্ষিত মানুষদের এগিয়ে আসতে হবে মহিলাদের হেনস্তার বিরুদ্ধে। তাদের সাহায্যেই এগিয়ে এসে নিজেদের যুদ্ধটা নির্ভয়ে করতে পারবেন মহিলারা।”

তিনি আরও বলেন, ‘শিক্ষিত মানুষরা সেই লড়াইটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ। শুধু ইন্ডাস্ট্রির ভিতরেই নয়, সর্বক্ষেত্রেই এই হেনস্তা বন্ধ হোক’।

এর আগে #MeToo আন্দোলন প্রসঙ্গে মাধুরী দীক্ষিত জানিয়েছিলেন, অলোকনাথ এবং সৌমিক সেনের মতো মানুষের সঙ্গে নিকট সম্পর্কই ছিল। কিন্তু, #MeToo আন্দোলনের জেরে অলোকনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে জেনে হতভম্ব হয়ে গিয়েছিলেন মাধুরী। ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘জামাই রাজা’-সহ বহু হিট ছবিতে মাধুরীর সঙ্গে অভিনয় করেছেন অলোকনাথ। সব ক্ষেত্রেই মাধুরীর গুরুজনের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। অন্যদিকে, ‘গুলাব গ্যাং’ ছবির দৌলতেই পরিচালক সৌমিক সেনের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠেছিল মাধুরীর।

প্রসঙ্গত, সম্প্রতি ‘সুপার ৩০’ পরিচালক বিকাশ তার উপর আনা #MeToo মামলায় ক্লিনচিট পেয়েছেন।

অন্যদিকে, পুরুষদের উদ্দেশে বলিউডে করণ ওবেরয়ের হাত ধরে শুরু হয়েছে #MenToo আন্দোলন। যদিও, #MeToo-র মতো #MenToo আন্দোলন সেভাবে জমে ওঠেনি বলিউডে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করণও ক্লিনচিট পেয়ে গিয়েছেন।