পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়ার ইঙ্গিত দিচ্ছিল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার দাপুটে শুরু এনে দিয়েছিলেন দলকে। ফিঞ্চ সেঞ্চুরির কাছাকাছি থামলেও ওয়ার্নার তুলে নেন সেঞ্চুরি।
তবে ৩১.৪ ওভারে মাত্র ২ উইকেটে ২০০ রান করা অস্ট্রেলিয়াকে নাগালের মধ্যেই মোহাম্মদ আমির। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন ৫ উইকেট। তার দাপুটে বোলিংয়ে এক ওভার বাকি থাকতেই ৩০৭ রানে থামল অস্ট্রেলিয়া।
টাউনটনে টস হেরে এদিন অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। মোহাম্মদ আমিরের প্রথম ওভারটাই ছিল মেডেন। তবে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার পাকিস্তানি বোলিংয়ের সামনে মানিয়ে নিলেন দারুণ ভাবে। গড়লেন ১৪৬ রানের জুটি।
ফিঞ্চ ৮২ রান করে ফিরলেও ওয়ার্নার ওয়ানডে ক্যারিয়ারে নিজের ১৫তম সেঞ্চুরি তুলে নেন। ১১১ বলে ১১ চার ও ১ ছক্কায় খেলেন ১০৭ রানের ইনিংস। নিষেধাজ্ঞা শেষে ফেরার পর এটিই তার প্রথম সেঞ্চুরি।
ওয়ার্নার শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফেরার পরই অস্ট্রেলিয়া পথ হারায়। ৬৫ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারিয়ে অল আউট হয় দলটি।
মোহাম্মদ আমির যেখানে দাপট দেখালেন। এদিন তার বোলিং স্পেল ১০-২-৩০-৫। এ ছাড়া শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন হাসান আলি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাফিজ।