‘আফ্রিদির থাপ্পড়ে ফিক্সিংয়ের কথা স্বীকার করেন আমির’

শহীদ আফ্রিদির থাপ্পড় খেয়ে ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক দাবি করেছেন এমনটা। ৩৯ বছর বয়সী রাজ্জাক সম্প্রতি একটি টিভি চ্যানেলে এমনটা বলেছেন।

নয় বছর আগে ইংল্যান্ড সফরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়েছিলেন মোহাম্মদ আমির। ২০১০ সালে লর্ডস টেস্টে সেই ঘটনার সঙ্গে আমির ছাড়াও জড়িত ছিলেন তখনকার অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফ। নিষিদ্ধ হতে হয়েছিল তিনজনকেই।

২০১১ সালে ইংল্যান্ডের আদালতে নিজের অপরাধের কথা স্বীকার করেন আমির। তার আগে তৎকালীন অধিনায়ক আফ্রিদি আলাদা করে কথা বলেছিলেন আমিরের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্জাকও।

রাজ্জাক সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘‘আফ্রিদি আমাকে ঘরের বাইরে যেতে বলেছিল। আমি বেরিয়ে গিয়েছিলাম ঘর থেকে। কিছু ক্ষণ পরেই একটা জোরালো থাপ্পড়ের শব্দ শুনতে পাই। এর পরেই আমির পুরো সত্যিটা জানায়।’’

২০১১ সালে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির, বাট ও আসিফ। তিনজনই সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। তবে আমিরই শুধু গায়ে জড়াতে পেরেছেন জাতীয় দলের জার্সি।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি আমির। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শিকার করেছেন ৫ উইকেট।